
*মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা তুরাগ থানা বিএনপি নেতা হাজী জহিরুল ইসলামের*
মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
— আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও তুরাগ থানা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী জহিরুল ইসলাম মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা ঘোষণা করেছেন।
শনিবার তুরাগের স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “আমার ওয়ার্ডে মাদক ব্যবসায়ী, মাদকসেবী কারও ঠাঁই হবে না। নির্বাচিত হলে প্রথম দিন থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু হবে। এটা আমার কাছে রাজনীতির বিষয় না, এটা প্রজন্ম বাঁচানোর লড়াই।”
হাজী জহিরুল ইসলাম আরও জানান, ওয়ার্ডের প্রতিটি মসজিদ, স্কুল-কলেজ ও সামাজিক সংগঠনের সঙ্গে নিয়ে ‘মাদকমুক্ত ৫৪ নং ওয়ার্ড’ গঠনে কাজ করবেন। যুবসমাজকে খেলাধুলা ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে মাদক থেকে দূরে রাখতে বিশেষ উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি।
স্থানীয় বাসিন্দারা তার এই ঘোষণাকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলছেন, তুরাগ- এলাকায় মাদক একটি বড় সমস্যা। কাউন্সিলর পদপ্রার্থীর এমন কঠোর অবস্থান এলাকার নিরাপত্তা ও যুবসমাজের ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা দেবে।
হাজী জহিরুল ইসলাম তুরাগ থানা বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী। সামাজিক কর্মকাণ্ড ও গরিব-দুঃখীর পাশে দাঁড়ানোর জন্য এলাকায় তার পরিচিতি রয়েছে। এবার ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত ওয়ার্ড গড়ার অঙ্গীকার করছেন।