
কুমিল্লা-০৯ আসনে দ্বন্দ্বের অবসান
আবুল কালামকে সমর্থন জানিয়ে সহযোগিতার আশ্বাস সামিরা আজিম দোলার
মোঃ আবুল খায়ের (মনোহরগঞ্জ) (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ আবুল কালামকে সমর্থন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ওই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশান দলীয় কার্যালয়ে দুজনকে ডাকেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। উনার মধ্যস্থতায় এসময় আবুল কালামকে সমর্থন জানিয়ে নির্বাচনে সহযোগিতার আশ্বাস দেন দোলা।
স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা-০৯ আসনে কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামকে মনোনয়ন দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি দলের সাংগঠনিক দায়িত্বে সক্রিয় ছিলেন। অন্যদিকে এই আসনের সাবেক সংসদ সদস্য কর্ণেল (অব.) এম আনোয়ারুল আজিমের মৃত্যুর পর মাঠে নামেন তার কন্যা সামিরা আজিম দোলা। এতে করে স্থানীয় বিএনপির রাজনীতিতে দ্বিধাবিভক্তি সৃষ্টি হয়।
এ বিষয়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ফোন দিয়েছিলেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করেছেন। দলের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে কাজ করে যাবো।
মনোনয়ন প্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আজকে আমাদের দুজনকে গুলশান পার্টি অফিসে ডেকেছেন। সেদিনকার অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়টি শুনেছেন। আমরা ধানের শীষের জন্য সবাই ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবেলা করব। ধানের শীষের বিজয় নিশ্চিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।