
মোঃ শাহজালাল সুমন: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পক্ষ থেকে দেশবাসীসহ সর্বস্তরের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা বিএনপির নেতা মোস্তফা কামাল। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মহান আল্লাহর প্রতি আনুগত্যের এক অনন্য দৃষ্টান্ত। হযরত ইবরাহিম (আ.) মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নিজের সবচেয়ে প্রিয় জিনিস কোরবানি করার যে শিক্ষা দিয়েছেন, তা আজও মুসলিম বিশ্বের জন্য অনুকরণীয় আদর্শ হয়ে রয়েছে। তিনি আরও বলেন, কোরবানির প্রকৃত শিক্ষা হলো মানুষের অন্তরের হিংসা, লোভ, অহংকার ও স্বার্থপরতাকে ত্যাগ করে মানবকল্যাণে আত্মনিয়োগ করা। ঈদুল আযহা শুধু পশু কোরবানির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি আত্মত্যাগ, ধৈর্য, সংযম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার শিক্ষা দেয়। মোস্তফা কামাল বলেন, সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়েই কোরবানির প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হয়। সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। রাজনৈতিক জীবনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তার রাজনৈতিক যাত্রা শুরু হয় ১৯৯২ সালে হরিরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালনের মাধ্যমে। পরবর্তীতে তিনি নবাব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি, হরিরামপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বৃহত্তর উত্তরা থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি টঙ্গী সরকারি কলেজ ও সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সদস্য হিসেবেও সক্রিয় ভূমিকা রাখেন। ছাত্র রাজনীতি শেষে মোস্তফা কামাল বৃহত্তর উত্তরা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পরে তিনি তুরাগ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন। বর্তমানে তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মোঃ আমিনুল হক, সদস্য সচিব হাজী মোস্তফা জামান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে তুরাগ থানা বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন।